আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত পিঠা উৎসবে যোগ দিতে গিয়ে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এক নজিরবিহীন হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন। উৎসবের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলেও তাকে কলেজে প্রবেশে বাধা দেওয়া হয় এবং পরিকল্পিতভাবে তার ওপর ডিম নিক্ষেপ করা হয়।
দুপুর ১২টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজ গেটে পৌঁছালে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি তার পথরোধ করে। এসময় ব্যাপক ধস্তাধস্তির সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের ধস্তাধস্তির এক পর্যায়ে অনুষ্ঠান পরিচালনার জন্য নির্মিত মঞ্চটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, উপস্থিত একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা চালায়।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একজন প্রার্থীর ওপর এ ধরনের হামলা কেবল নিন্দনীয়ই নয়, বরং এটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশের অন্তরায়। পিঠা উৎসবের মতো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজনৈতিক উস্কানি দিয়ে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।”
জানা গেছে, একই অনুষ্ঠানে উক্ত আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের আসার কথা ছিল। তার উপস্থিতির আগেই এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে, যা স্থানীয় রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী টিম এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে এই হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের মৌলিক দায়িত্ব।