বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাকির সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার এবং নতুন নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের কার্যকর ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে সিলেটের চা শিল্পের আধুনিকায়ন এবং উৎপাদন বৃদ্ধিতে ব্রিটিশ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশের সিলেট অঞ্চলের চা বাগানে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাজ্য এই খাতে বিনিয়োগের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা রাখতে পারে।
এছাড়া, বাংলাদেশের সার কারখানাগুলোর গ্যাস সংকট মোকাবিলায় এলপিজি (LPG) ব্যবহারের মাধ্যমে কারখানাগুলো সারা বছর সচল রাখার লক্ষ্যে বিদেশি বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি ব্রিটিশ বিনিয়োগকারীদের সার কারখানার পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) খাতেও বিনিয়োগ করার জন্য আহ্বান জানান।
অন্যদিকে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বমূলক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের ‘ট্রেড নেগোসিয়েশন পুল’-এর কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ প্রকাশ করেন। সারাহ কুক সিলেটের চা বাগান ছাড়াও সিফুড, লেদার প্রসেসিং, এক্সপোর্ট ডাইভারসিফিকেশন এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে বিনিয়োগের বিষয়ে বিশেষ আগ্রহ দেখান এবং এসব খাতে ব্রিটিশ বিনিয়োগকারীরা কাজ করতে আগ্রহী বলে জানান।
বৈঠকটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান।