• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও নীল অর্থনীতি বিকাশে জাপানের সাসাকাওয়া ফাউন্ডেশনের সাথে মিডা (MIDA)-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬
সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও নীল অর্থনীতি বিকাশে জাপানের সাসাকাওয়া ফাউন্ডেশনের সাথে মিডা (MIDA)-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকসই নীল অর্থনীতি (Blue Economy) গড়ার লক্ষ্যে মৎস্য ও সামুদ্রিক বিষয়ক সহযোগিতা বৃদ্ধিতে জাপানের বিখ্যাত ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ (SPF)-এর সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ‘মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি’ (MIDA)।

বুধবার বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মিডা-এর পক্ষ থেকে নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসপিএফ-এর ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (OPRI)-এর প্রেসিডেন্ট অধ্যাপক মিতসুতাকু মাকিনো এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সমুদ্র সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমাদের সমুদ্র একটি বিশাল সম্পদ, কিন্তু এটি ক্রমশ দূষিত হচ্ছে। সমুদ্রের কয়েক হাজার মিটার গভীরেও এখন প্লাস্টিক বর্জ্য পাওয়া যাচ্ছে। এই সমঝোতা স্মারক আমাদের সমুদ্রকে পরিষ্কার রাখতে এবং সামুদ্রিক সম্পদ রক্ষায় সাহায্য করবে।”

তিনি আরও জানান, এই চুক্তির আওতায় মহেশখালীর তিনটি গ্রামকে জাপানি মডেলে (Umigyo) আদর্শ মৎস্য গ্রাম হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটও এই গবেষণা কার্যক্রমের সাথে যুক্ত থাকবে।

মৎস্য শিল্পের আধুনিকায়ন: সামুদ্রিক মাছ চাষ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণে জাপানি মডেল অনুসরণ।

অবকাঠামো উন্নয়ন: জেটি নির্মাণ, স্বয়ংক্রিয় মাছ অবতরণ কেন্দ্র, কোল্ড চেইন এবং উন্নত পরিবহন লজিস্টিকস তৈরি।

জেলেদের কল্যাণ: সমুদ্রে নিরাপত্তা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং জেলেদের সাথে সরকারের সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপন।

প্রশিক্ষণ ও প্রযুক্তি: গভীর সমুদ্রে মাছ ধরা, গুণমান নিয়ন্ত্রণ এবং রপ্তানি বহুমুখীকরণে কারিগরি প্রশিক্ষণ।

মিডা-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “মিডা উপকূলীয় মানুষের ঐতিহ্যগত জীবিকা রক্ষা করে নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচনে প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্ব বঙ্গোপসাগরের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের বিজ্ঞান ও কৌশলগত সক্ষমতা বাড়াবে।”

সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট অধ্যাপক মিতসুতাকু মাকিনো আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ১৩-১৪ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘নর্থ-ইস্ট ইন্ডিয়ান ওশান রিজিওনাল ডায়ালগ’-এর সাইডলাইনে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031