• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ল্যাবএইড হাসপাতালে রোগীর মৃত্যু, ডা.স্বপ্নীলের রেজিস্ট্রেশন স্থগিত করলো বিএমডিসি

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২২, ২০২৫
ল্যাবএইড হাসপাতালে রোগীর মৃত্যু, ডা.স্বপ্নীলের রেজিস্ট্রেশন স্থগিত করলো বিএমডিসি

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসক মামুন আল মাহতাব স্বপ্নীলের সনদ ৫ বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। 

এর ফলে আগামী ৫ বছর চিকিৎসা পেশায় যুক্ত থাকতে পারবেন না এবং কোনও রোগী দেখতে পারবেন না তিনি।

বিএমডিসি সনদ ৬ মাস থেকে ৪ বছর পর্যন্ত স্থগিত করেছে ১২ চিকিৎসকের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে। সোমবার (২৩ জুন) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে। অ

গত দুই বছর আগে প্রকৌশলী আফসার আহমেদের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার দায় খুঁজে পাওয়ায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৩ সালের ৯ নভেম্বর ছাতক উপজেলার এলজিইডি প্রকৌশলী আফসার আহমেদ ধানমন্ডির বেসরকারি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিতে এসে মারা যান। তিনি চিকিৎসক স্বপ্নীলের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন এবং ওই দিন অ্যান্ডোস্কপি করাতে এসেছিলেন। ওই ঘটনার সাড়ে চার মাস পর চিকিৎসক স্বপ্নীল ও ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও গাফিলতির অভিযোগ করেন আফসার আহমেদের ভাই খায়রুল বাশার।

এছাড়া ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্বপ্নীলের কাছে অ্যান্ডোস্কপি করাতে গিয়ে মৃত্যু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাহিব রেজার। স্বাস্থ্য অধিদফতরের তদন্তে ওই রোগীর মৃত্যুর জন্যও ডা. স্বপ্নীল ও ল্যাবএইড কর্তৃপক্ষকে দায়ী করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন বিভাগের অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীলের নিবন্ধন বাতিল করতে গত ২৯ জানুয়ারি বিএমডিসিকে নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ১৬ জানুয়ারি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) মামুন আল মাহতাব স্বপ্নীলের নিবন্ধন বাতিলের জন্য চিঠি দেয়। অন্যদিকে ল্যাবএইডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একই দিনে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শারাবান তাহুরার স্বাক্ষরে বিএমডিসির রেজিস্ট্রারের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছিল, ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীলের বিরুদ্ধে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আফসার আহমেদের এন্ডোস্কপিকালীন মৃত্যুর অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের করা তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। সে প্রতিবেদন অনুযায়ী দায়িত্বে অবহেলার কারণে অধ্যাপক মামুনের বিএমডিসির নিবন্ধন বাতিল করে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের কাছে ২০২৪ সালের মার্চ মাসে প্রকৌশলী আফসার আহমেদের ছোট ভাই খায়রুল বাশার লিখিত অভিযোগে ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করেন।

সেখানে তিনি লিখেছেন, ২০২৩ সালের ৫ নভেম্বর ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে মামুন আল মাহতাব স্বপ্নীলের অধীন তার ভাই চিকিৎসা নিতে যান। স্বপ্নীল রোগীকে দেখে যে ব্যবস্থাপত্র দেন, সেখানে এন্ডোস্কপি, কোলনস্কপিসহ কয়েকটি পরীক্ষা করানোর পরামর্শ দেন। চার দিন পর ৯ নভেম্বর এন্ডোস্কপি ও কোলনস্কপির পরীক্ষার সময় দেন। সে অনুযায়ী ৯ নভেম্বর সকাল ৯টায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল যান আফসার আহমেদ।

অভিযোগে বলা হয়, সেদিন হাসপাতালে যাওয়ার পর তাকে জানানো হয় বিকেল চারটায় এন্ডোস্কপি করা হবে। এ জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সকালে শুরু করা হলেও পরীক্ষাটি করা হয় রাত আটটায়। চিকিৎসক মামুন আল মাহতাব এসে রোগীর শারীরিক অবস্থার কোনো পর্যবেক্ষণ না করে, অ্যানেস্থেসিয়া প্রয়োগের নির্দেশ দেন। এরপর তিনি টেস্ট করার প্রক্রিয়া শুরু করেন। টেস্ট করার এক পর্যায়ে আফসারকে আইসিইউতে নেওয়া হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো আরেক চিঠিতে স্বাস্থ্যসেবা বিভাগ বলেছে, ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীলের বিরুদ্ধে প্রকৌশলী আফসার এন্ডোস্কপিকালীন মৃত্যুর অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী এবং গুরুত্ব বিবেচনায় ল্যাবএইড হাসপাতালের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটওয়ারী।

বিএমডিসির সাধারণ সভায় শনিবার (২১ জুন) এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী।