র্যাব সদর দপ্তরে ‘প্রচলিত আইন, জনপ্রত্যাশা ও র্যাব এর করণীয়’ সম্পর্কে সেমিনার প্রসঙ্গে
র্যাব সদর দপ্তরে ‘প্রচলিত আইন, জনপ্রত্যাশা ও র্যাব এর করণীয়’ সম্পর্কে সেমিনার প্রসঙ্গে
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ডাকাত, ছিনতাইকারী, অপহরণকারী, বিপুল পরিমান মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব দায়িত্ব পালন করে যাচ্ছে।
২। র্যাব ফোর্সেস এর সদস্যদেরকে দায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় র্যাব সদস্যদের ক্যাপাসিটি বিল্ডিং/সক্ষমতা বৃদ্ধি ও কৌশলগত দক্ষতার উন্নয়নের লক্ষ্যে র্যাব ফোর্সেস সদর দপ্তরে এ বিষয়ক আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি র্যাব ফোর্সেস এর সদস্যদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল হয়ে কার্যক্রম পরিচালনা করতে আধুনিক প্রশিক্ষণ প্রদানের কার্যক্রমও চলমান রয়েছে।
৩। এরই ধারাবাহিকতায়, ১৪ জুলাই ২০২৫ তারিখ র্যাব ফোর্সেস এ কর্মরত সকল পদবীর কর্মকর্তাদের ‘প্রচলিত আইন, জনপ্রত্যাশা ও র্যাব এর করণীয়’ বিষয়ে অধিকতর ধারণা প্রদানের নিমিত্তে র্যাব ফোর্সেস সদর দপ্তরে একটি সেমিনারের আয়োজন করা হয়। এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন র্যাব ফোর্সেস সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিচালকগণ, অন্যান্য অফিসারবৃন্দ, ঢাকাস্থ সকল ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ভিটিসির মাধ্যমে র্যাবের ব্যাটালিয়ন সমূহের সকল কর্মকর্তাগণ এ সেমিনারে অংশগ্রহণ করেন।
81 আলোচনায় জনাব মোঃ আসাদুজ্জামান আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের প্রচলিত আইনের স্বাভাবিক বিকাশ বজায় রেখে র্যাব, জন প্রত্যাশা পূরণ করবে। এ সময় তিনি জনগণের প্রত্যাশার চ্যালেঞ্জকে কিভাবে মোকাবেলা করা যেতে পারে এ বিষয়ক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, র্যাব পূর্বে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে অনেক ভালো কাজ করেছে। সে লক্ষ্যে, জনমনে আতঙ্ক দূর করে আস্থার জায়গায় পৌঁছাতে হলে শুধু বাহ্যিক কাঠামোতে নয়, র্যাবের সকল সদস্যকে মননশীলতায় মানবিকতার চর্চা, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও জনগণের নিকট দায়বদ্ধতাকে লালন করতে হবে। পরবর্তীতে তিনি বিভিন্ন ধরনের করণীয় ও বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন যা র্যাব ফোর্সেস এর দৈনন্দিন কার্যাবলির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ভবিষ্যতে র্যাব ফোর্সেস আরও ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে প্রত্যয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
৫। বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) শব্দটি খুব প্রচলিত একটি বিষয়। র্যাব সদস্যদেরকে Artificial Intelligence (Al) এর উপর সংক্ষিপ্ত ধারণা প্রদানের নিমিত্তে র্যাব সদর দপ্তরে এর উপর একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মালিহা তাবাসসুম, এ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। এ সময় তিনি Artificial Intelligence (AI) এর মৌলিক ধারণা, ব্যবহার, ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন র্যাব ফোর্সেস সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিচালকগণ, অন্যান্য অফিসারবৃন্দ, ঢাকাস্থ সকল ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ভিটিসির মাধ্যমে র্যাবের ব্যাটালিয়ন সমূহের সকল কর্মকর্তাগণ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার আমাদের দৈনদিন জীবনকে যেমন সহজ করেছে অপরদিকে এর অপব্যবহারের প্রতিও সতর্কতা অবলম্বন করার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।