শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন ও মেঘনা গ্রুপ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, সমাজের উন্নয়নে ‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিএসআর সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।
মন্ত্রী আরো বলেন, অবারিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। আমাদের রয়েছে মেধা, উর্বর ভূমি, খনিজ সম্পদ আর সুনীল সমুদ্র। এ সম্ভাবনার সর্বোত্তম ব্যবহারে তরুণ প্রজন্মকে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরাই হব বিশ্বের সেরা দেশ।
তিনি আরো বলেন, ‘জব সেটিসফ্যাকশন’ কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কাজে
সন্তুষ্টি না থাকলে তা সবার জন্যই ক্ষতিকর। তাই, ভবিষ্যতে কর্মক্ষেত্রে আন্তরিকতা ও সন্তুষ্টির সাথে কাজ করতে মন্ত্রী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী এসময় বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এলামনাই এসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলামনাইরা তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও সামর্থ্যের ব্যবহার করে কল্যাণে কাজ করতে পারে। তারা নতুন প্রজন্মকে দিকনির্দেশনা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। মন্ত্রী আশা প্রকাশ করেন, মার্কেটিং এলামনাই এসোসিয়েশনও জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা বক্তব্য রাখেন।