পক্ষঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) সাভার সদর দপ্তরের আদলে রাজশাহীতে প্রতিষ্ঠিত হচ্ছে ‘সিআরপি-রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান ও জাহানারা জামান সেন্টার’। এই আঞ্চলিক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার অগ্রগতি ও প্রস্তাবিত মাস্টারপ্ল্যান নিয়ে সোমবার (৫ ফেব্রুয়ারি) নগর ভবনে মাননীয় মেয়র দপ্তরকক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সঙ্গে সিআরপি‘র প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভেলরী এন টেইলরের নেতৃত্বে সিআরপি‘র প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘সিআরপি-রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান ও জাহানারা জামান সেন্টার’ প্রতিষ্ঠার অগ্রগতি ও প্রস্তাবিত মাস্টারপ্ল্যান নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রস্তাবিত মাস্টারপ্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এনএসইউ এর সহযোগী অধ্যাপক ও নায়ারিত আর্কিটেক্ট শায়লা জোয়ার্দার। সভার শুরুতে সিআরপি‘র প্রতিনিধি দলের সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন রাসিক মেয়র।
সভায় প্রতিনিধি দলের সদস্যরা হলেন, টিআরপি’র চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান, সদস্য মুশতাক আহমেদ, স্ট্যানফোর্ড স্কুল অফ মেডিসিন এর প্রফেসর রান্ডাল স্টাফর্ড, গ্লোবাল এইচআর লিডার লরা ফেরাকেন, আর্কিটেক্ট শায়লা জোয়ার্দার, সিআরপি‘র রাজশাহী‘র ব্যবস্থাপক সোমা বেগম।
প্রসঙ্গত, নগরীর উপকণ্ঠে কাটাখালি পৌরসভার কাপাসিয়ায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পরিবারের পক্ষ থেকে দান করা ১৫ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হচ্ছে ‘সিআরপি-রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান ও জাহানারা জামান সেন্টার’। এখান থেকে প্রতি বছর এ অঞ্চলের ১২ হাজার রোগী প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিতে পারবে। পাশাপাশি ৪ বছর মেয়াদি বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন অকুপেশনাল থেরাপি, বিএসসি ইন স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কোর্স করতে পারবেন শিক্ষার্থীরা।