• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজশাহীতে নারী ও শিশু অধিকার সুরক্ষায়অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী ইশতেহারের দাবি

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫
রাজশাহীতে নারী ও শিশু অধিকার সুরক্ষায়অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী ইশতেহারের দাবি


সাতটি দেশি-বিদেশী সংস্থার ‘কোয়ালিশন ফর এডভান্সিং ইক্যুয়ালিটি এন্ড জাস্টিস’ এর আয়োজনে সংলাপ অনুষ্ঠিত


রাজশাহীতে ‘কোয়ালিশন ফর এডভান্সিং ইক্যুয়ালিটি এন্ড জাস্টিস’ বুধবার নারী ও শিশু অধিকার সুরক্ষায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী ইশতেহারের দাবিতে স্থানীয় নাগরিক সমাজ, বিভিন্ন অধিকার বিষয়ক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সংলাপ আয়োজন করে।

স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাতটি সংস্থা- জাগো ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন, ব্রেকিং দ্য সাইলেন্স, অক্সফাম ইন বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং ওয়াটারএইড বাংলাদেশ যৌথভাবে এই কোয়ালিশন গঠন করে সারাদেশে সংলাপ আয়োজন করছে।

রাজশাহী বিভাগে সংলাপ পরিচালনা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং, এডভোকেসি ও কমিউনিকেশনস ডিরেক্টর নিশাত সুলতানা। আরো উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর রাজশাহী বিভাগীয় কোঅর্ডিনেটর মো. সারফরাজ জাহান, মো. মিজানুর রহমান ও আসমাউল হুসনা প্রশান্তি।

নারী ও শিশু অধিকার সুরক্ষায় পাঁচটি বিষয় নিয়ে রাজশাহীতে আলোচনা হয়- নারী ও শিশুর শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি এর মান ও পাঠ সম্পন্ন করাকে গুরুত্ব দেয়া; সুস্থ জীবনের জন্য স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা; সুরক্ষা নিশ্চিতে সহিংসতা ও শোষণমুক্ত জীবন; জলবায়ু ঝুঁকি মোকাবেলা, পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধির পরিবেশ নিশ্চিতকরণ; এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন।

নারী ও শিশু অধিকার সুরক্ষা নিশ্চিতে শহর, গ্রাম, উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল, পার্বত্য এলাকা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকাসহ বিভিন্ন পর্যায়ের সুপারিশ, মতামত ও প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তবতা ও ভাবনা জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেয়ার জন্যই এই উদ্যোগ নিয়েছে ‘কোয়ালিশন ফর এডভান্সিং ইক্যুয়ালিটি এন্ড জাস্টিস’।

কোয়ালিশনটি স্থানীয় ও বিভাগীয় পর্যায় থেকে প্রাপ্ত সুপারিশসমূহ রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয়ভাবে শীঘ্রই তুলে ধরবে যাতে তারা নিজেদের নির্বাচনী ইশতেহারে বিষয়গুলো অগ্রাধিকার দেয়। **

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930