স্বাগতিক রাঙামাটিকে ১-০ গোলে হারিয়ে
বান্দরবান জেলা দলের জয়লাভ
বিজয় ধর, রাঙামাটি
দীর্ঘ ২৭ বছর পর আবারও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উত্তাপে কাঁপতে শুরু করেছে হ্রদ পাহাড়ের শহর রাঙামাটি । সর্বশেষ ১৯৯৭ সালে এই ঐতিহাসিক শহরটি হয়েছিল একটি বৃহৎ ও জনপ্রিয় ফুটবল আসরের গর্বিত ভেন্যু। এবার সেই স্মৃতি ফিরিয়ে আনতে আবারো শুরু হয়েছে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। অপরদিকে বাংলাদেশের প্রথম নারী ফিফার রেফারী রাঙামাটির সন্তান জয়া চাকমার উপস্থিতিতে আনন্দের মাত্রা আরো একধাপ বাড়িয়ে দেয়।
বৃহস্পতিবার(২৪এপ্রিল) বিকেলে রাঙামাটির মারী ষ্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড.মোঃ জিয়াউদ্দিন। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুস্টিত উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান, সদস্য সচিব শাহনেওয়াজ রিটন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটি সদর জোন কমান্ডার লে,কর্নেল জুনাইদ উদ্দিন, পুলিশ সুপার ড.এসএম ফরহাদ হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন প্রমুখ।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড.মোঃ জিয়াউদ্দিন বলেছেন, খেলাধুলার চর্চা থাকলে সম্প্রীতির বন্ধনও সুদৃড় হয়। যেকোন অন্যায় অবিচার থেকে দুরে থাকা যায়। তিনি ফুটবল টুর্নামেন্টের এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে ১১টি জেলা দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক রাঙামাটি ও বান্দরবান জেলা দল। এতে খেলার প্রথমার্ধে দুদলের মধ্যে প্রতিদ্বন্দিতা হলেও কোন গোল হয়নি। খেলার দ্বিতীয়ার্ধে বান্দরবান জেলা দল ১-০ গোলে জয়লাভ করে।
খেলা উদ্বোধনের শুরুতে জাতীয় সংগীত এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতির নৃত্য পরিবেশন করা হয়। দীঘদিন পর রাঙামাটিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
আয়োজকরা জানায়, চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা, নোয়াখালী, কুমিল্লাসহ বিভাগের ১১টি জেলা দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলো দুটি জোনে ভাগ হয়ে রাঙামাটি ও কুমিল্লা ভেন্যুতে খেলবে। পরে উভয় জোন চ্যাম্পিয়ন দল শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। শুক্রবার চট্টগ্রাম জেলা দলের বিপক্ষে লড়বে খাগড়াছড়ি জেলা দল।