‘কমপ্লায়েন্স, গুণমান ও উদ্ভাবনের সাথে প্রবৃদ্ধির নবযাত্রা’ (Redefined Growth with Compliance, Quality & Innovation)—এই মূলমন্ত্রকে সামনে রেখে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-র ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতি উল হাসান সম্মেলনে সভাপতিত্ব করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল এবং পরিচালক এ. এস. এম. ফিরোজ আলম ও আলহাজ্ব মোশাররফ হোসেন। এছাড়াও ব্যাংকের ডিএমডি ও সিএফও তাপস চন্দ্র পালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ১৫৩টি শাখা ও ৪৮টি উপ-শাখার প্রধানগণ, বিভাগীয় প্রধান ও আঞ্চলিক প্রধানগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জনে নিষ্ঠার সাথে কাজ করায় সকল স্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “জাতীয় ও বৈশ্বিক প্রতিকূলতা সত্ত্বেও ২০২৫ সালে মার্কেন্টাইল ব্যাংক আশানুরূপ পরিচালনা মুনাফা অর্জন করেছে। বিশেষ করে, খেলাপি ঋণ (NPL) সহনীয় পর্যায়ে নামিয়ে আনা আমাদের অন্যতম বড় সাফল্য, যা সুশাসন ও গ্রাহক স্বার্থ রক্ষায় আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।”
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে কৃষি ও এসএমই (SME) খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং উদ্ভাবনী ব্যাংকিংয়ের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সম্মেলনের ব্যবসায়িক অধিবেশনে ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসেন, শামীম আহমেদ, অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন এবং শাহ মো. সোহেল খুরশীদ বক্তব্য প্রদান করেন।