রাজীব দে ঢাকাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের পূর্ণাঙ্গ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইশতেহার ঘোষণা করেন। এবারের ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতিসহ ৫টি ভাগে মোট ৫১টি দফা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
ইশতেহার ঘোষণাকালে তারেক রহমান বলেন, “এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়; এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারই আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু।”
ইশতেহারের ৯টি প্রধান অঙ্গীকার:
১. ফ্যামিলি কার্ড: প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে রক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ চালু করে প্রতি মাসে ২৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করা হবে।
২. কৃষক কার্ড: কৃষকদের জন্য ভর্তুকি, কৃষি বীমা ও ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে।
৩. স্বাস্থ্যসেবা: এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
৪. শিক্ষাব্যবস্থা: দক্ষতাভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং ‘মিড-ডে মিল’ চালু করা হবে।
৫. তরুণদের কর্মসংস্থান: মেধাভিত্তিক সরকারি নিয়োগ এবং স্টার্টআপ ও উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।
৬. ক্রীড়া উন্নয়ন: জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও পেশাদার প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
৭. পরিবেশ ও জলবায়ু: ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।
৮. ধর্মীয় সম্প্রীতি: সকল ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে।
৯. ডিজিটাল অর্থনীতি: আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম (পেপাল) চালু এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে।
ইশতেহারে উল্লেখ করা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা—এই তিনের ধারাবাহিকতাই বিএনপির রাজনীতির মূল ভিত্তি। দলটির প্রধান দর্শন হলো—‘সবার আগে বাংলাদেশ’।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০১৮ সালের পর এই প্রথম বিএনপি তাদের পূর্ণাঙ্গ নির্বাচনী ইশতেহার দেশবাসীর সামনে পেশ করল।