• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে ড. এহছানুল হক মিলন: ছাত্রজীবনই ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ সময়, শ্রেণিকক্ষের বাইরেও দক্ষতা অর্জনের আহ্বান

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে ড. এহছানুল হক মিলন: ছাত্রজীবনই ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ সময়, শ্রেণিকক্ষের বাইরেও দক্ষতা অর্জনের আহ্বান

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ছাত্রজীবনই ভবিষ্যৎ গড়ার শ্রেষ্ঠ সময়। তাই এই সময়কে শিক্ষার্থীদের যথাযথভাবে কাজে লাগাতে হবে। শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। বরং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে হবে। পড়ালেখার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণ করতে হবে।

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা স্বাধীন জীবন পায়। কিন্তু এই স্বাধীনতার অপব্যবহার করা যাবে না। বরং এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদেরকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে। আমাদের দেশে তরুণদের সংখ্যাও অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। তাদেরকে যথাযথভাবে গড়ে তুলতে পারলে আমরা বিশ্বে নেতৃত্ব দিতে পারবো।

তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি আদর্শবাদী দল। তাই ছাত্রদলের নেতৃত্বের মাঝে আদর্শ, নৈতিকতা ও দেশাত্মবোধ থাকতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইস উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি
রাকিবুল ইসলাম রাকিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930