ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর শিবির কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাত ১টার দিকে সংঘটিত এ হামলায় ছাত্রদলের অন্তত ছয়জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন, যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, শিবিরের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে লতিফ ছাত্রাবাসের কক্ষে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলায় রামদার আঘাতে ছাত্রদলের একজন সহযোদ্ধা গুরুতর জখম হয়েছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
বিবৃতিতে রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিগত সাড়ে পনেরো বছর ধরে ছাত্রদলের রক্ত ঝরেছে, আর গত দেড় বছর ধরে প্রতিটি ক্যাম্পাসে আমাদের কর্মীরা মবের শিকার হচ্ছে। আজও পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের রক্ত ঝরানো হলো। অনেক ছাড় দেওয়া হয়েছে, কিন্তু আর কোনো ছাড় দেওয়া হবে না। ছাত্রদলের রক্ত ঝরালে এর বদলা নেওয়া হবে।”
তিনি আরও উল্লেখ করেন, হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এর দায় ছাত্রদলের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।
ছাত্রদল সভাপতি দ্রুততম সময়ের মধ্যে জড়িত শিবির সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একইসাথে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।