দুয়ার সার্ভিসেস পিএলসি-এর সাবস্ক্রিপশন স্থগিত করার জন্য বিএসইসিকে ধন্যবাদ জানিয়েছে ডিবিএ
দুয়ার সার্ভিসেস পিএলসি-এর কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও)-এর সাবস্ক্রিপশন তাৎক্ষনিকভাবে স্থগিত করে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-কে ধন্যবাদ জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) ডিবিএ থেকে পাঠানো এক বার্তায় এসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বিএসইসি-কে এই ধন্যবাদ জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, দুয়ার সার্ভিসেস পিএলসি-এর কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও)-এর সাবস্ক্রিপশন স্থগিত করার সিদ্ধান্তটি অত্যান্ত সময়োপযোগী। এই সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীর আস্থা ফিরে আসবে। জুলাই ২৪-এ সংঘটিত ছাত্র-জনতার বিপ্লব ও গণঅভুত্থানের মূল চেতনা ও দর্শন ছিল স্বচ্ছ, নিরপেক্ষ ও বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গঠন। যে ব্যবস্থার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়ে সকল শ্রেনী পেশার মানুষ তাদের প্রাপ্য ও অধিকার ফিরে পাবে।
আমরা লক্ষ করেছি, অতীতে বহু মন্দ কোম্পানীর সাবস্ক্রিপশন ও তালিকাভূক্তির মাধ্যমে বাজারকে ধ্বংস করা হয়েছে। বাজারে মন্দ কোম্পানি এনে দর কারসাজির মাধ্যমে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নিয়ে বিনিয়োগকারীদের সর্বশান্ত করা হয়েছে। এমতাবস্থায়, পুঁজিবাজার ও বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষায় দুয়ার সার্ভিসেস পিএলসি-এর কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও)-এর সাবস্ক্রিপশন স্থগিত করার এইরুপ সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করি এবং এইরুপ সিদ্ধান্তের জন্য কমিশনকে সাধুবাদ জানাই। আমরা আশা করি, বর্তমান কমিশন তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, মনোভাব ও কর্মকান্ডের দ্বারা পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং এই বাজারকে সকলের আস্থার জায়গায় নিয়ে যাবে।
পুঁজিবাজারের যে কোন ইতিবাচক কর্মকান্ডে আমরা কমিশনের সাথে একযোগ হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি এবং পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে কমিশনকে সব ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করছি।