• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কালিহাতীর গর্ব বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৫
কালিহাতীর গর্ব বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই

রাজনীতির নীরব এক আলো নিভে গেলো—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর জীবনসঙ্গিনী ও রাজনৈতিক সহযাত্রী নাসরিন সিদ্দিকী চলে গেছেন না ফেরার দেশে।

শনিবার (৭ জুন) দিবাগত রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, কিন্তু সেখান থেকেই শুরু হয় তাঁর চিরবিদায়ের যাত্রা।

নাসরিন সিদ্দিকী ছিলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামের গর্ব। তিনি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির একজন সক্রিয় সদস্য, একজন ব্যক্তিত্বময়ী সমাজসেবী এবং রাজনৈতিক সংগ্রামের এক নীরব সৈনিক। নিজের অবস্থান থেকে নিরবেই লড়েছেন, নেতৃত্ব দিয়েছেন, পাশে থেকেছেন—কখনো আলোচনার কেন্দ্রবিন্দু না হয়েও ছিলেন সকলের শ্রদ্ধার পাতায়।

তার জানাজা আজ ৮ জুন বাদ আসর ছাতিহাটী গ্রামে পারিবারিক বাড়িতে অনুষ্ঠিত হবে।

তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের গভীর ছায়া। সহযোদ্ধারা হারালেন এক প্রেরণার বাতিঘর, পরিবার হারাল এক অমূল্য অবলম্বন। টাঙ্গাইলবাসীসহ মুক্তিযোদ্ধা পরিবারগুলো অনুভব করছে এক অপূরণীয় শূন্যতা।

আজ রাজনীতি হারালো এক নির্ভীক কণ্ঠ, আর একজন মানুষ হারালো তার হৃদয়ের ঘর।
ভালোবাসায়, শোক আর সম্মানে—বিদায় বঙ্গবীরের প্রেরণাদায়িনী সাথী, কালিহাতীর অহংকার।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930