ঐতিহ্যের আমেজে সম্পর্কের সেতুবন্ধন: বনানীতে কনসিটো পিআর-এর বর্ণাঢ্য পিঠা উৎসব ও মিডিয়া গেট-টুগেদার অনুষ্ঠিত
রাজধানীর বনানীতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো দেশের শীর্ষস্থানীয় পাবলিক রিলেশন প্রতিষ্ঠান কনসিটো (Concito PR) আয়োজিত ‘শীতকালীন পিঠা উৎসব ও গেট-টুগেদার ২০২৬’। গণমাধ্যমকর্মীদের সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং শীতের আমেজ ভাগ করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও সোমবার (০৫ জানুয়ারি) এই বিশেষ মিলনমেলার আয়োজন করা হয়।
বনানীর ৫ নম্বর রোডের ৯৭ নম্বর বাড়িতে (চাদনি হাউস) কনসিটো-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এই উৎসবে বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৬০ জন জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বিভিন্ন পদের পিঠা-পুলি এবং শীতের বিশেষ আকর্ষণ হাঁসের মাংসসহ নানা দেশীয় খাবারে সংবাদকর্মীদের আপ্যায়ন করা হয়। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও খোলামেলা আড্ডায় মেতে ওঠেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে কনসিটো-এর মিডিয়া ব্যবস্থাপক মোঃ মোস্তফা রনি বলেন, “গণমাধ্যম ও জনসংযোগ শিল্প একে অপরের পরিপূরক। দীর্ঘদিনের পথচলায় সাংবাদিক বন্ধুরা আমাদের যে সহযোগিতা ও ভালোবাসা দিয়েছেন, এই আয়োজন তারই একটি ক্ষুদ্র কৃতজ্ঞতা প্রকাশ। যান্ত্রিকতার বাইরে এই পিঠা উৎসব আমাদের পেশাদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ করবে বলে আমি বিশ্বাস করি।”
কনসিটো-এর সহকারী মিডিয়া ব্যবস্থাপক মোঃ রিপন ইসলাম বলেন, “সাংবাদিকরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন (স্টেকহোল্ডার)। পেশাগত ব্যস্ততার বাইরে সংবাদকর্মীদের সাথে একটি সুন্দর মুহূর্ত কাটানো এবং আমাদের মধ্যকার সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, এ ধরণের আয়োজনের মাধ্যমে আমাদের কাজের সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী ও অটুট হবে।”
তিনি আরও জানান, কনসিটো সবসময়ই মিডিয়া-বান্ধব পরিবেশ বজায় রাখতে সচেষ্ট এবং ভবিষ্যতে অন্যান্য বিটের সাংবাদিকদের নিয়েও এ ধরণের আরও বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
উৎসবে উপস্থিত সাংবাদিকবৃন্দ কনসিটো-এর এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। তারা অভিমত ব্যক্ত করেন যে, এ ধরণের আয়োজনের মাধ্যমে পেশাদারিত্বের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কও উন্নত হবে। দিনভর আনন্দ-আড্ডা আর ঐতিহ্যের আমেজে মুখরিত ছিল পুরো আয়োজন।