• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন তারেক রহমান; চাইলেন ধানের শীষে ভোট

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬
অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন তারেক রহমান; চাইলেন ধানের শীষে ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অতীতের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে একটি নিরাপদ, স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ‘ধানের শীষ’ প্রতীকে জনগণের সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে প্রচারিত ৩৭ মিনিটের এই ভাষণে তিনি শহীদদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক মুক্তি নিয়ে দলের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন।

তারেক রহমান বলেন, “দেশ পরিচালনা করতে গিয়ে আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।” তিনি অঙ্গীকার করেন, আগামী দিনে বিএনপি সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ এবং দুর্নীতি নিয়ন্ত্রণে কোনো ছাড় দেওয়া হবে না।

ভাষণে তিনি ১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ১২ ফেব্রুয়ারি বিএনপি জয়ী হলে আমাদের মূলমন্ত্র হবে মহানবীর (সা.) আদর্শ ও ন্যায়পরায়ণতা।”

তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে। বাংলাদেশের মানুষ ধর্মীয় চরমপন্থা বা উগ্রবাদ পছন্দ করে না।”

বিএনপি চেয়ারম্যান তরুণ প্রজন্ম ও নারীদের কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন।

তিনি উল্লেখযোগ্য কিছু পরিকল্পনা তুলে ধরেন:বেকার ভাতা ও কৃষি কার্ড প্রবর্তন।

সরকারি কর্মকর্তাদের জন্য নতুন জাতীয় পে-স্কেল ঘোষণা।

প্রশাসনকে দলীয়করণমুক্ত করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালনা।

ফ্যামিলি কার্ড ও প্রবাসীদের জন্য বিশেষ ঋণ সুবিধা প্রদান।

সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন।

তারেক রহমান ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “৭ জানুয়ারি ফ্যাসিবাদ আমলে আমি আপনাদের ঘরে থাকতে বলেছিলাম। কিন্তু ১২ ফেব্রুয়ারি আপনাদের অধিকার প্রতিষ্ঠার দিন। তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের জন্য। আপনারা ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন, ১৩ তারিখ থেকে আপনাদের নির্বাচিত প্রতিনিধিরা আপনাদের দায়িত্ব নেবেন।”

তিনি আরও বলেন, “ধানের শীষের বিজয়ের অর্থ হলো স্বাধীন, সার্বভৌম ও তাবেদারমুক্ত বাংলাদেশের বিজয়।” বার্তার শেষে তিনি দেশবাসীকে শান্তি ও শৃঙ্খলার সাথে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানান।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031