মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি’র সাথে CARE -এর Senior strategic advisor, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত Earl R. Miller এবং Care Bangladesh -এর কান্ট্রি ডিরেক্টর Ram Das সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কেয়ার ইকোনমি, নারী ও শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু বিষয়ক বিভিন্ন আইন, বাল্যবিবাহ প্রতিরোধ, সুবিধাবঞ্চিত মা ও শিশুর পুষ্টি ও প্রারম্ভিক বিকাশ, প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সুরক্ষা, নতুন প্রকল্পে সহযোগিতা এবং প্রতিবন্ধী ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসন উদ্যোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, CARE বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী পুনর্গঠন ও বিভিন্ন সময়ে CARE-এর উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য মন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন ও কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, সরকার সকল ধরনের উন্নয়ন কার্যক্রমে নারী ও শিশুকে অন্তর্ভুক্ত করেছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে আরও জোরদার করতে পরিবারের নারীদের প্রধান করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হচ্ছে। এই অর্থ দিয়ে নারীরা পারিবারিক ব্যয় নির্বাহ ও সন্তানদের পড়াশোনার পাশাপাশি পারিবারিক সবজি বাগান এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন।
মন্ত্রী আরও বলেন, সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে প্রাধান্য দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় সমাজে বিদ্যমান প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা এবং উপকারভোগীর সংখ্যাও বৃদ্ধি করছে বর্তমান সরকার।
মন্ত্রী জানান, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সচেতনতা দৃশ্যমান হচ্ছে।
এ সময় CARE -এর Senior strategic advisor Earl R. Miller এবং Care Bangladesh -এর কান্ট্রি ডিরেক্টর Ram Das মন্ত্রীর নিকট বাংলাদেশে তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং চলমান বিভিন্ন কর্মসূচির সামাজিক প্রভাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন তারা।