৫৩ তম মহান দিবস উপলক্ষ্যে জাসদের বিবৃতি
৫৩তম বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকালে এক বিবৃতিতে বলেছে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজনৈতিক দলসমূহ ও তাদের নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর পরাজয় স্বীকার ও আত্মসমর্পণ এবং মুক্তিবাহিনী ও মুক্তিকামী জনগণের বিজয় জাতির ইতিহাসে সব চাইতে গৌরবময় ও জাতীয় অহংকারের বিষয়। জাসদের বিবৃতিতে, মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ মানুষ, সম্ভ্রম দানকারী ২লক্ষ নারী, নির্যাতন, অত্যাচার, কষ্ট ভোগ করে অসীম ত্যাগ স্বীকারকারী মুক্তিকামী কোটি কোটি মানুষ, স্বাধীনতা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধান, মিত্র অংশ ভারতীয় সেনাবাহিনীর বীর ও শহীদ সদস্যগণের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। জাসদের বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধে বিজয় ও ৩০ লক্ষ শহীদের স্বপ্ন,,আদর্শ, চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বাংলাদেশের জন্মশত্রুদের মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধের রাজনীতি, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুছে ফেলে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের রাজনীতি মোকাবেলায় শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানানো হয়েছে।