• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পূর্বাভাস দিল ‘দ্য ডিপ্লোম্যাট’

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬
তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পূর্বাভাস দিল ‘দ্য ডিপ্লোম্যাট’

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’। ‘An Interview With Tarique Rahman—Likely Bangladesh’s Next Prime Minister’ শীর্ষক এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনটিতে সাম্প্রতিক একাধিক জনমত জরিপের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ডিসেম্বরে পরিচালিত একটি জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ মানুষের সমর্থন রয়েছে বিএনপির প্রতি। অন্যদিকে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ইনোভেশন কনসালটিং’-এর জরিপ অনুযায়ী, ৪৭ শতাংশের বেশি মানুষ তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। এর আগে ব্লুমবার্গ, টাইম এবং দ্য ইকোনমিস্ট-এর মতো বিশ্বখ্যাত গণমাধ্যমগুলোও তাকে শীর্ষ প্রার্থী হিসেবে উল্লেখ করেছিল।

দ্য ডিপ্লোম্যাট তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, এবারের নির্বাচনে ‘জেন জেড’ বা তরুণ প্রজন্মই হবে ক্ষমতার মূল নির্ধারক। তারেক রহমান তরুণদের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে কর্মসংস্থান, কারিগরি শিক্ষা, আইটি খাত এবং শ্রমবাজার উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়েছেন। বিশেষ করে ‘দ্য প্ল্যান’ উদ্যোগের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

‘বাংলাদেশ ফার্স্ট’ ও ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি

দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান তাঁর ভবিষ্যৎ রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

তাঁর উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো হলো:

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে।

বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে আইটি, সেমিকন্ডাক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি।শক্তিশালী আর্থিক শাসনব্যবস্থা ও জবাবদিহিমূলক প্রশাসনের মাধ্যমে দুর্নীতি, অর্থপাচার ও ঋণখেলাপি সমস্যার স্থায়ী সমাধান।

পরিবেশ রক্ষায় ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা।

সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমরা জেন জেড-এর চিন্তাধারার সঙ্গে যুক্ত হচ্ছি। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের মূল অঙ্গীকার।”

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা নিয়ে দেশি-বিদেশি মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।