• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬
জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি


কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে বিএমএসএফের উদ্যোগে স্মারকলিপি প্রদান

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি, কুমিল্লা | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
“১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান-এর মাধ্যমে এ স্মারকলিপি জমা দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর নেতৃবৃন্দ। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের অধিকার, পেশাগত মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ওমর ফারুক মিয়াজী। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা টিভি ব্যুরো প্রধান ও জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি তারিকুল ইসলাম তরুণ, কুমিল্লা প্রতিদিন পত্রিকার সম্পাদক জুয়েল রানা মজুমদার, দ্য অবজারভার পত্রিকার সাংবাদিক কামরুল হক চৌধুরী, গণশক্তি পত্রিকার সাংবাদিক মনির হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি রায়হান চৌধুরী, সকালের সময় প্রতিনিধি শরিফুল ইসলাম এবং বর্তমান বাংলা প্রতিনিধি রাজিবসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্র, সুশাসন ও জনস্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিক সমাজ এখনও যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। প্রতি বছরের ন্যায় এবারও “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” আগামী ১ থেকে ৭ মে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, দেশে মৎস্য, কৃষি, শিক্ষা, পুলিশ, সেনা, আনসার, পুষ্টি ও চিকিৎসা সপ্তাহসহ নানা পেশাভিত্তিক সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হলেও সাংবাদিকদের জন্য এখনো তেমন কোনো রাষ্ট্রীয় উদ্যোগ নেই। পাশাপাশি সাংবাদিকদের জন্য নির্দিষ্ট নীতিমালা, সুরক্ষা আইন, তালিকা প্রণয়ন কিংবা পৃথক অধিদপ্তর না থাকায় পেশাজীবীরা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্মারকলিপিতে ৩ মে “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস” বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত না হওয়ার বিষয়টিকেও দুঃখজনক হিসেবে উল্লেখ করা হয়। নেতৃবৃন্দ বলেন, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে এ দিবসটি গুরুত্বপূর্ণ হলেও দেশে এর যথাযথ মূল্যায়ন এখনও হয়নি।
এ প্রেক্ষাপটে “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার মাধ্যমে দেশের সাংবাদিক সমাজ তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা ফিরে পাবে।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930