• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে সংস্কৃতি মন্ত্রীর গভীর শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৫, ২০২৬
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে সংস্কৃতি মন্ত্রীর গভীর শোক

বিশিষ্ট লেখক, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক এবং বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক-এর আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী।

আজ রোববার (৫ জুলাই, ২০২৬) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই বরেণ্য বুদ্ধিজীবী শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রয়াত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন মাননীয় সংস্কৃতি মন্ত্রীর পরম শ্রদ্ধেয় শিক্ষক। প্রিয় শিক্ষকের মৃত্যুর সংবাদ পেয়ে মাননীয় মন্ত্রী তাৎক্ষণিকভাবে মরহুমের বাসভবনে ছুটে যান। তিনি প্রিয় শিক্ষকের মরদেহ শেষবারের মতো দর্শন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এরপর মাননীয় মন্ত্রী শোকার্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাঁদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এক শোকবার্তায় মাননীয় মন্ত্রী বলেন:
“অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক কেবল একজন মহান শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন আমাদের মুক্তবুদ্ধি চর্চা ও প্রগতিশীল চিন্তাধারার অন্যতম বাতিঘর। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আন্দোলনে এবং দেশের সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। স্যারের এই প্রস্থান আমার ব্যক্তিগত জীবনের পাশাপাশি সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

আমরা পরম করুণাময়ের নিকট মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।