সংখ্যালঘু নির্যাতনের বিচারসহ আট দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট। গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘তিমির বিনাশী অভিযাত্রা’ শীর্ষক মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। সংখ্যালঘুদের মন্দির ও ঘরবাড়িতে হামলার অভিযোগে এ কর্মসূচি পালন করা হয়।
আট দফা দাবির মধ্যে রয়েছে সংখ্যালঘু নির্যাতনের বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং বৌদ্ধ ও খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘু শিক্ষার্থীদের উপাসনালয় নির্মাণ, সংস্কৃত- পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন এবং দুর্গাপূজার ছুটি পাঁচ দিন করা।
আট দফা দাবি আদায়ে আগামীকাল রোববার থেকে বুধবার পর্যন্ত টানা কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।