• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান শুরু; শবে কদর ১৬ মার্চ

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান শুরু; শবে কদর ১৬ মার্চ

বাংলাদেশের আকাশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে সারাদেশে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। সেই হিসেবে আগামী ১৬ মার্চ, সোমবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর উদযাপিত হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব মো. ফরিদুল হক খান এমপি।

সভায় জানানো হয়, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, সিনিয়র আলেম-ওলামা এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদ দেখা যাওয়ার সংবাদ ঘোষণার পর দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ধর্মমন্ত্রী। আগামীকাল থেকে মুসল্লিরা সেহরি খেয়ে রোজা পালন শুরু করবেন এবং আজ রাত থেকেই মসজিদে মসজিদে তারাবিহ নামাজ শুরু হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930