রাজধানী ঢাকার আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বিদ্যুৎ বিভাগ ও ইডকলের যৌথ আয়োজনে শুরু হয়েছে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। এই মেলায় দেশের স্বনামধন্য রিনিউয়েবল এনার্জি প্রতিষ্ঠান ‘জেনেটিক ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’ তাদের আকর্ষণীয় স্টলে আধুনিক ও পরিবেশবান্ধব সোলার প্রযুক্তি প্রদর্শন করছে।
মেলার সমাপনী দিনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. ডি. লুৎফুর রহমান-এর সাথে কথা হয়। সাক্ষাৎকারে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন দিক, নতুন পণ্য এবং সোলার খাতের নানা বিষয় তুলে ধরেন।
জনাব লুৎফুর রহমান জানান, ২০০৯ সাল থেকে জেনেটিক সোলার বাংলাদেশের বাজারে সুনামের সাথে সোলার পণ্য সরবরাহ করে আসছে। বর্তমানে তাদের মূল ব্যবসার কেন্দ্রবিন্দু হলো নবায়নযোগ্য জ্বালানি (Renewable Energy)। প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্র্যান্ডের সোলার প্যানেল, অন-গ্রিড ইনভার্টার, হাইব্রিড ইনভার্টার, স্ট্রিট লাইট এবং সোলার সলিউশন সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিলারদের মাধ্যমে পৌঁছে দিচ্ছে। পাশাপাশি ঢাকা ও এর আশপাশের বড় বড় শিল্প কারখানাতেও তারা প্রকল্প বাস্তবায়ন করছেন।
মেলায় গ্রাহকদের চাহিদা ও নতুনত্ব সম্পর্কে তিনি বলেন, এবারের মেলায় তারা ২৪.৫% উচ্চ দক্ষতার (High-Efficiency) সোলার প্যানেল নিয়ে এসেছেন, যা কম জায়গায় অধিক পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। এছাড়া বর্তমানে শিল্প ও গৃহস্থালিতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ৫ কিলোওয়াট থেকে শুরু করে ৫ মেগাওয়াট পর্যন্ত লিথিয়াম ব্যাটারির ব্যাপক চাহিদা রয়েছে, যা সোলার এনার্জি স্টোর করে অপটিমাইজড উপায়ে ব্যবহার করতে সাহায্য করে।
বর্তমান সরকারের সোলারবান্ধব নীতি ও সহযোগিতাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার সোলার খাতের উন্নয়নে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করছে। তবে আমদানির ক্ষেত্রে ভ্যাট ও ট্যাক্স সেলস পর্যায়ে পরিশোধ করতে গিয়ে কিছু জটিলতার সৃষ্টি হচ্ছে। আগের মতো পোর্টের পরিবর্তে বিক্রির সময় ভ্যাট কালেকশন ও জমা দেওয়া কিছুটা সময়সাপেক্ষ ও জটিল প্রক্রিয়া হওয়ায় এটি সহজ করার জন্য তিনি সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
সারাদেশে জেনিটিক সোলারের ব্যাপক জনপ্রিয়তা ও ডিলার নেটওয়ার্কের বিষয়ে তিনি জানান, গ্রামগঞ্জ থেকে শুরু করে দেশের প্রতিটি কোণায় জেনিটিক সোলার পণ্য পাওয়া যায়। গ্রাহকদের পণ্যের ওয়ারেন্টি বা গ্যারান্টি নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করতে হয় না, কারণ যেকোনো সমস্যায় প্রতিষ্ঠানটি সরাসরি কাস্টমারদের পাশে থেকে সেবা নিশ্চিত করে।