• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পলাশবাড়ীর হরিদাস তরণী দাসের গ্রেপ্তার: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা ও মুক্তির দাবি

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৬
পলাশবাড়ীর হরিদাস তরণী দাসের গ্রেপ্তার: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা ও মুক্তির দাবি

গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থ পাচারের মামলায় গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একই সঙ্গে তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদ বলেছে, পলাশবাড়ীর শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দির চত্বরে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে গত রোববার রাতে কথিত অর্থ পাচারের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করে, দীর্ঘদিন ধরে একদল উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী মূর্তি নির্মাণের বিরোধিতা করে আসছে এবং ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে। তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে সাম্প্রদায়িক হুমকির শিকার হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করা দুর্ভাগ্যজনক, অগ্রহণযোগ্য এবং গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। তার অবিলম্বে মুক্তিও দাবি করে সংগঠনটি।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, অর্থ পাচারের অভিযোগে হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। রোববার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে হরিদাস চন্দ্র তরণী দাসের বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে দেশি-বিদেশি মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।