• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নির্বাহী আদেশ ছাড়া গুলি না ছুড়তে সকল সেনাসদস্যদের নির্দেশ: সেনাবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৪
নির্বাহী আদেশ ছাড়া গুলি না ছুড়তে সকল সেনাসদস্যদের নির্দেশ: সেনাবাহিনী প্রধান

নির্বাহী আদেশ ছাড়া গুলি না ছুড়তে সকল সেনাসদস্যদের নির্দেশ প্রদান করেন:সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

সারাদেশে চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার ও ভিটিসি’র মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেনাপ্রধান।

এসময় তিনি নির্বাহী আদেশ ছাড়া যেকোনো উসকানির মুখেও ছাত্র ও সাধারণ জনগণের দিকে গুলি না ছুড়তে সকল সেনাসদস্যদের নির্দেশ প্রদান করেন। এছাড়া ডেপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের সর্বোতভাবে সহযোগিতা প্রদান করার আহ্বানও জানান।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন।

দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত বক্তব্য ও আলোচনায় তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজবসমূহকে না শোনার ও এড়িয়ে যাবার বিষয়ে সবাইকে উপদেশ দেন।

কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা পক্ষপাতদুষ্ট হবেন না এবং অন্ধভাবে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা সত্য নাও হতে পারে। গুজব এড়িয়ে চলুন। দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যা স্বাভাবিক করার দায়িত্বে সেনাবাহিনীকে সারাদেশে নিয়োজিত করা হয়েছে।