বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘদিনের নিভৃত মানবিক উদ্যোগ ও জীবের প্রতি মমত্ববোধ নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর এস কে এস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে এক আড়ম্বরপূর্ণ আয়োজনে তথ্যচিত্রটি প্রদর্শিত হয়।
৪৫ মিনিটের এই তথ্যচিত্রটিতে তারেক রহমানের এমন কিছু মানবিক দিক তুলে ধরা হয়েছে, যেখানে তিনি বছরের পর বছর ধরে প্রচারের আড়ালে থেকে অসহায় মানুষ, দুস্থ পরিবার এবং অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন। রাজনীতির ব্যস্ততার বাইরে তার এই সংবেদনশীল ও মানবিক সত্তাটি দীর্ঘকাল সাধারণ মানুষের অগোচরে ছিল।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “তারেক রহমান যে বছরের পর বছর এভাবে মানুষের জন্য, প্রাণীর জন্য কাজ করে যাচ্ছেন, সেটা আমাদেরও অনেকের জানা ছিল না। এমনকি যারা সাহায্য পেয়েছেন, তারাও জানতেন না কার কাছ থেকে এই সহযোগিতা আসছে। তাঁর অবদান কখনো প্রচারের আলো খোঁজেনি। এই তথ্যচিত্র সেই নীরব মানবিক দিকটিকেই তুলে ধরেছে।”
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিহউল্লাহ বলেন, “তথ্যচিত্রটি দেখে আমি বিস্মিত হয়েছি। এখানে তারেক রহমানের জীবনের এক অজানা ও অত্যন্ত মানবিক অধ্যায় অত্যন্ত সুন্দরভাবে উঠে এসেছে।”
তথ্যচিত্রটির পরিচালক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু বলেন, “‘সবার আগে হাসিমুখ’ কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা নয়। এটি একজন সংবেদনশীল মানুষের নিভৃত জনসেবার গল্প। মানুষ ও প্রাণীর প্রতি তাঁর গভীর সহমর্মিতাই এই নির্মাণের মূল অনুপ্রেরণা।”
প্রিমিয়ার শো চলাকালীন উপস্থিত দর্শকরা আবেগতাড়িত হয়ে পড়েন। তথ্যচিত্রটিতে দেখানো হয়েছে কীভাবে তারেক রহমান পর্দার আড়ালে থেকে বিপন্ন মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। উপস্থিত অতিথিবৃন্দ তথ্যচিত্রটির নির্মাণশৈলী ও বিষয়বস্তুর ভূয়সী প্রশংসা করেন এবং এটিকে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ দলিল হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।