রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু বিচারে বিচার বিভাগীয় তদন্ত এবং এ বিষয়ে সংসদে সরকারের পক্ষ থেকে বিবৃতি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
আজ সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাব চত্বরে ‘রংপুরের হত্যাকাণ্ড রহস্যজনক : চলমান সাম্প্রদায়িক সহিংসতা থেকে সংখ্যালঘুদের মুক্তি মিলবে কোন পথে’ শীর্ষক ব্যানারে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধ সহস্রাধিক সংখ্যালঘু জনতা অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
সংগঠনের অন্যতম সভাপতি মি. নির্মল রোজা রিও-এর সভাপতিত্বে এবং যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহার পরিচালনায় বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কাজল দেবনাথ, ভিক্ষু সুনন্দপ্রিয়, ডিএন চ্যাটার্জী, সাংবাদিক বাসুদেব ধর, মনীন্দ্র কুমার নাথ, জয়ন্তী রায়, পদ্মাবতী দেবী, অ্যাড. অপূর্ব ভট্টাচার্য, সাংবাদিক পুলক ঘটক, অতুল মণ্ডল, দীপালী চক্রবর্তী, তাপস দাস, দীপংকর চন্দ্র শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে একটি বিশেষ চক্র রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারকে হত্যা করেছে। ঘটনা আড়াল করতে পুলিশের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তারা অনতিবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ছাড়া এই হত্যাকাণ্ড দেশব্যাপী সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে উল্লেখ করা হয়।
বক্তারা আরও জানান, গত জুলাই মাসে দেশে ৪১টি আংশিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। যার মধ্যে ৬টি হত্যা, ২টি ধর্ষণ, ১০টি প্রতিমা ভাঙচুর ও লুটপাট, ধর্ম অবমাননার দায়ে ২ জন গ্রেপ্তার, ৫টি আদিবাসীদের ওপর হামলা, ১০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ২টি জমি দখলের ঘটনা ঘটেছে।