• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকায় সাড়ম্বরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু: ভক্তদের উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬
ঢাকায় সাড়ম্বরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু: ভক্তদের উপচে পড়া ভিড়

রাজধানী ঢাকায় অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শাস্ত্রীয় ও ঐতিহ্যবাহী বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়।

এবারের রথযাত্রাটি রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির (আশ্রম) থেকে শুভ সূচনা হয়। এরপর রথটি জয়কালী মন্দির, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, সচিবালয় মেট্রো স্টেশন, জাতীয় প্রেস ক্লাব, হাই কোর্ট এলাকা, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার ও পলাশীর মোড় হয়ে সনাতন ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় উপাসনালয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

জগন্নাথ দেবের কৃপা ও দর্শনের আশায় দুপুর থেকেই স্বামীবাগ আশ্রম ও এর আশেপাশের এলাকায় জড়ো হতে থাকেন ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত অনুরাগী। বর্ণিল সাজে সজ্জিত বিশাল রথ টেনে নেওয়ার জন্য ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। হরিনাম সংকীর্তন, উলুধ্বনি, শঙ্খনাদ আর ভক্তিমূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর কঠোর নজরদারিতে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে রথযাত্রাটি এগিয়ে চলেছে।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, উৎসবের নবম দিন আগামী ২৪ জুলাই (শুক্রবার) বিকেলে ‘উল্টোরথ যাত্রা’র মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। ওই দিন বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে উল্টো রথযাত্রাটি শুরু হয়ে একই রুট (পথ) অনুসরণ করে পুনরায় স্বামীবাগ আশ্রমে ফিরে আসবে।
জাতীয় ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক এই রথযাত্রা উৎসবে অংশ নেওয়া দেশ ও বিদেশের সকল ভক্তবৃন্দকে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930