• ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জনগণের আস্থা অর্জনে জনকল্যাণমূলক কাজে যুবদলকে এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬
জনগণের আস্থা অর্জনে জনকল্যাণমূলক কাজে যুবদলকে এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত

জনগণের আস্থা অর্জনে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবদলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ করা। তাই দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব, নগরীর পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর বিভিন্ন স্থানে যত্রতত্র ভ্যানগাড়ি ও রিকশা দাঁড় করানো এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানে যুবদলের নেতাকর্মীরা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখতে পারেন। যুবদলের সাংগঠনিক শক্তিকে জনকল্যাণমূলক কাজে কাজে লাগাতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নগরীর নাগরিক সমস্যাগুলো সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

তিনি আরও বলেন, আমি একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ চট্টগ্রাম গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবদলের নেতাকর্মীরা অতীতেও মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবেন—এটাই প্রত্যাশা।

অতীতের আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের ত্যাগ ও নির্যাতনের কথা স্মরণ করে তিনি বলেন, অনেক নেতাকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের ত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা করতে হলে এখন দায়িত্বশীল আচরণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। কোনো ব্যক্তির কর্মকাণ্ডের কারণে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, প্রত্যেককে নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে মহান আল্লাহ অসন্তুষ্ট হন। সততা, নৈতিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে পারলে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও জনগণের ভালোবাসা ও সমর্থন অর্জনে জনকল্যাণমূলক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতে হবে। নগরীর সমস্যা সমাধান, নাগরিক দুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যুবদলকে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আবুল হাসেম বক্কর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল চকবাজার থানার আহ্বায়ক মোহাম্মদ সেলিম এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল।

এ সময় মহানগর ও ওয়ার্ড বিএনপি, মহিলা দল এবং যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।