• ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সংস্কৃতি ও ঐক্যের বন্ধনে বিশ্বব্যাপী সম্প্রীতি গড়ে তুলতে হবে : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
সংস্কৃতি ও ঐক্যের বন্ধনে বিশ্বব্যাপী সম্প্রীতি গড়ে তুলতে হবে : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সংস্কৃতি মানুষের মধ্যে বিভেদ দূর করে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। ভিন্ন ভাষা, ঐতিহ্য, ধর্ম, বিশ্বাস ও সাংস্কৃতিক পরিচয় মানুষের সম্পর্ককে সমৃদ্ধ করে; বিভাজনের কারণ নয়। সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে সংলাপ, বোঝাপড়া, সৌহার্দ্য ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করা সম্ভব।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে OICCA Celebration 2026-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, “Harmony Beyond Borders: Embracing Diversity, Empowering Unity” শীর্ষক এবারের আয়োজন সমসাময়িক বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বার্তা বহন করে। সংস্কৃতি শুধু সংগীত, নৃত্য, সাহিত্য, চিত্রকলা কিংবা ঐতিহ্যবাহী পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ নয়; সংস্কৃতি একটি জাতির পরিচয়, ইতিহাস, মূল্যবোধ ও সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন। সংস্কৃতি শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সংহতি এবং আন্তর্জাতিক বন্ধুত্ব বিকাশের শক্তিশালী মাধ্যম।

তিনি বলেন, বাংলাদেশ সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যের দেশ। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান এবং আমাদের সাহিত্য, সংগীত, লোকশিল্প ও উৎসবের দীর্ঘ ঐতিহ্য জাতীয় পরিচয় নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে সহিষ্ণুতা, মানবিক মর্যাদা, অন্তর্ভুক্তি ও সম্প্রীতির চেতনা গভীরভাবে প্রোথিত।

মন্ত্রী বলেন, সাংস্কৃতিক বৈচিত্র্য কোনো দুর্বলতা নয়; বরং এটি সমাজ ও রাষ্ট্রের শক্তির উৎস। বিভিন্ন ভাষা, ঐতিহ্য, বিশ্বাস ও শিল্পের অভিব্যক্তি আমাদের সমাজকে সমৃদ্ধ করে এবং বিশ্বকে আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ সৃষ্টি করে।
তিনি বলেন, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) বিভিন্ন ইতিহাস, ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের দেশগুলোকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করেছে। ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা পারস্পরিক বন্ধুত্ব জোরদার, সৃজনশীল বিনিময় বৃদ্ধি এবং শান্তি ও উন্নয়নের অভিন্ন অঙ্গীকারকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংস্কৃতিমন্ত্রী তরুণদের অংশগ্রহণের প্রশংসা করে বলেন, তরুণ প্রজন্ম আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী এবং ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি। তাদের নিজেদের শিকড় ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করার পাশাপাশি উদ্ভাবন, সৃজনশীলতা ও প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিকতার সমন্বয়ের মধ্য দিয়েই সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক বিনিময়, যৌথ গবেষণা, প্রদর্শনী, পরিবেশনা এবং শিক্ষা ও একাডেমিক সহযোগিতার মাধ্যমে দেশ ও জাতির মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্পী ও তরুণ নেতৃত্বের মধ্যে আরও সহযোগিতামূলক উদ্যোগ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, আমাদের পার্থক্য যেন সম্পর্কের সৌন্দর্য ও সমৃদ্ধি বাড়ায়, বিভাজন সৃষ্টি না করে। সংস্কৃতি হোক শান্তি, মানবতা ও সংহতির অভিন্ন ভাষা।

অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য তিনি আয়োজক প্রতিষ্ঠান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, শিল্পী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

তিনি বলেন, এ আয়োজন বিভিন্ন দেশের মধ্যে আরও শক্তিশালী, অর্থবহ ও দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক অংশীদারত্ব গড়ে তোলার সূচনা করবে বলে আমি বিশ্বাস করি।

“One Voice, One Ummah, One Destiny”—এই প্রতিপাদ্যের চেতনায় পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সমৃদ্ধির পথে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সংস্কৃতিমন্ত্রী।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930