অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, মাদকবিরোধী সচেতন নাগরিক সমাজের আয়োজনে জনাব নুরনবী বাবুল, সাবেক আহ্বায়ক, নোয়াখালী ইউনিয়ন বিএনপি-এর সভাপতিত্বে ৬নং নোয়াখালী ইউনিয়ন, সদর, নোয়াখালীর মেমেরস্কুল মাঠে মাদক ও কিশোরগ্যাং-এর বিরুদ্ধে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, পাবলিক প্রসিকিউটর, জজ কোর্ট, নোয়াখালী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ নূরুল হুদা ভূঁইয়া, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, নোয়াখালী, জনাব নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ, সুধারাম মডেল থানা, নোয়াখালী এবং জনাব বাপন সেন, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, মাদক ও কিশোরগ্যাং সমাজের জন্য একটি বড় হুমকি। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসহাক খন্দকার, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াখালী। জনাব অ্যাডভোকেট আবদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি, নোয়াখালী। জনাব হাফেজ মাওলানা ইউসূফ ভূঁইয়া, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী দক্ষিণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মাদক ও কিশোরগ্যাং-এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র্যালিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।