ঢাকায় ‘চায়না-বাংলাদেশ সিরামিকস বার্ষিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত: প্রযুক্তি বিনিময় ও যৌথ সমৃদ্ধির নতুন দিগন্ত
রাজধানী ঢাকার গুলশানের লেকশোর হোটেলে আজ শনিবার ৮ আগষ্ট, আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘চায়না-বাংলাদেশ সিরামিকস অ্যানুয়াল কনফারেন্স ২০২৬’। “এমপাওয়ারিং টেকনোলজি, উইনিং টুগেদার” (প্রযুক্তিকে ক্ষমতায়ন, একসাথে জয়ী হওয়া) প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ ও চীনের সিরামিক খাতের শীর্ষ উদ্যোক্তা, গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।
সম্মেলনে মূলত সিরামিক উৎপাদনের আধুনিক প্রযুক্তি, টেকসই উৎপাদন কৌশল এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের ওপর বিস্তারিত আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে বিসিএমইএ (BCMEA)-এর ভাইস প্রেসিডেন্ট এবং মন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ এম. ইসলাম বলেন, “চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সিরামিক অ্যাসোসিয়েশনের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো চীনের নতুন সাপ্লায়ারদের সাথে দেশীয় প্রস্তুতকারকদের মেলবন্ধন ঘটানো। চীন বর্তমানে সিরামিক প্রযুক্তিতে শীর্ষে অবস্থান করছে। ১৮ কোটিরও বেশি মানুষের এই বিশাল বাজারে আমাদের সিরামিক খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চীনের উন্নত প্রযুক্তি ও গবেষণা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের উৎপাদন ব্যবস্থাকে আরও কার্যকর করতে পারি।”
তিনি আরও উল্লেখ করেন, এই কনফারেন্সের সবচেয়ে বড় প্রাপ্তি হলো শক্তিশালী “নেটওয়ার্কিং”, যা দুই দেশের ব্যবসায়ীদের যৌথভাবে কাজ করার অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে।
সম্মেলনে অংশ নেওয়া বিদেশি প্রতিনিধিরা বাংলাদেশের সিরামিক বাজারের উজ্জ্বল সম্ভাবনাকে সাধুবাদ জানান এবং দেশীয় উৎপাদকদের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রযুক্তি ও বাণিজ্য বিনিময় বাংলাদেশের সিরামিক ইন্ডাস্ট্রিকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।