• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম-এর উপমহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম-এর উপমহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে আজ রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউজে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর উপমহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলস (Ugochi Daniels) সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইওএম-এর উপমহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ অগ্রাধিকারমূলক ক্ষেত্রসমূহ নিয়ে বিশদ আলোচনা করেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মানবপাচার রোধ, অভিবাসন গভর্নেন্স (Migration Governance), অভিবাসীদের সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসনে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা দীর্ঘ দুই দশক ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে আসছে। আগামী দিনে বিদ্যমান এ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুসংহত ও সুদূরপ্রসারী হবে।”

আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের সঙ্গে আইওএম-এর দীর্ঘদিনের টেকসই অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি জানান, আইওএম নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশকে যেকোন ধরনের সহায়তা করতে প্রস্তুত। তিনি মানব পাচার রুখতে সমন্বিত তথ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, মানব পাচার জঘন্যতম অপরাধ। বেশিরভাগ মানুষ লোভ, অজ্ঞতা ও অসচেতনতার কারণে এর শিকার হয়। তিনি বলেন, মানব পাচার রোধে আমরা সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছি। এর ফলে সীমান্ত অপরাধ ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি জাতীয় নিরাপত্তা জোরদার হবে। মন্ত্রী আইওএম এর নিকট পাচারকারী চক্রের তালিকা আছে কিনা জানতে চাইলে সংস্থাটির ডিডিজি জানান, আমরা নিশ্চিতভাবে পাচারকারী চক্রকে শনাক্ত করতে সহায়তা করতে পারি। আমাদের ও ইন্টারপোলের নিকট মানব পাচারের ট্রেন্ড বা প্রবণতা সম্পর্কিত ডাটা রয়েছে যা আমরা শেয়ার করে থাকি।

উল্লেখ্য, বাংলাদেশে পাঁচ দিনের (১–৫ আগস্ট ২০২৬) সরকারি সফরের অংশ হিসেবে আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস এ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশে আইওএম-এর নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা টম বন্ডে (Dr. Laura Tomm-Bonde) সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930