• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আমিনবাজার ও মাতুয়াইলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বেগবানের তাগিদ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১২, ২০২৬
আমিনবাজার ও মাতুয়াইলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বেগবানের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ (Waste-to-Energy) উৎপাদন প্রকল্প নিয়ে বৈঠক করেছেন।

আজ রবিবার (১২ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, চীনের CMEC Group আমিনবাজারে একটি Waste-to-Energy (WTE) বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রকল্পটি প্রতিদিন ঢাকা শহরের প্রায় ৩,০০০ টন বর্জ্য ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ২০২৮ সালের আগস্টের মধ্যে প্রকল্পটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলে আশা করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে আগামী ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার B&F Company ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এ প্রকল্পের মাধ্যমে বছরে বর্জ্য থেকে প্রায় ১৫,০০০ টন মিথেন গ্যাস উৎপাদিত হবে, যা থেকে বছরে প্রায় ৮১,০০০ মেগাওয়াট-ঘণ্টা (MWh) বিদ্যুৎ উৎপাদন করা হবে। এটি দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা (MWh) বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য। এছাড়া প্রকল্পটি থেকে সৌরবিদ্যুৎ, সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস (Eco Bricks) উৎপাদন করা হবে। এ প্রকল্পে প্রতিদিন প্রায় ৩,০০০ থেকে ৩,৫০০ টন বর্জ্য ব্যবহার করা হবে। এটি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার, বিদ্যুৎ এবং পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প দুটি বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031