গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র রাষ্ট্রপ্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর সাথে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা নিকোল টম-বন্ডে (Dr. Laura Nicole Tomm-Bonde) একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতকালে মাননীয় রাষ্ট্রপ্রতিমন্ত্রী গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন (GCM) বাস্তবায়নে একটি ‘চ্যাম্পিয়ন দেশ’ হিসেবে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের অভিবাসন খাতকে একটি দক্ষ, অধিকার-ভিত্তিক এবং সুশাসিত ব্যবস্থায় রূপান্তর করার বিষয়ে বর্তমান সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরেন।
পররাষ্ট্র রাষ্ট্রপ্রতিমন্ত্রী বিশেষ জোর দিয়ে বলেন, বাংলাদেশ সরকার অভিবাসীদের দক্ষতা উন্নয়ন, যোগ্যতার স্বীকৃতি, নৈতিক নিয়োগ প্রক্রিয়া, গন্তব্য দেশগুলোতে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, নিয়মিত শ্রম অভিবাসনের পথ সুগম করা এবং প্রত্যাবর্তনকারী অভিবাসীদের টেকসই পুনর্বাসনের ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের অভিবাসন শাসন কাঠামো শক্তিশালী করতে আইওএম-এর অব্যাহত প্রযুক্তিগত সহায়তা ও সহযোগিতার প্রশংসা করে তিনি সরকারের এই অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে আইওএম-এর আরও বর্ধিত সমর্থনের আহ্বান জানান।
আইওএম-এর মিশন প্রধান ড. লরা নিকোল টম-বন্ডে অভিবাসন শাসনে বাংলাদেশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশ সরকারের দূরদর্শী পরিকল্পনা, এজেন্ডা এবং অঙ্গীকারগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আইওএম-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশে একটি কার্যকর অভিবাসন সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ও আইওএম-এর মধ্যকার অংশীদারিত্ব আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।