• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্মরণকালের সেরা নজরুল জয়ন্তী উদযাপনে প্রস্তুত ত্রিশাল: সমাপনী অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১১, ২০২৬
স্মরণকালের সেরা নজরুল জয়ন্তী উদযাপনে প্রস্তুত ত্রিশাল: সমাপনী অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালা সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশাল উপজেলা কার্যালয়ের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে এই গুরুত্বপূর্ণ সভাটি সম্পন্ন হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য জনাব ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি এবং জেলা পরিষদের প্রশাসক জনাব সৈয়দ এমরান সালেহ।
সভায় জানানো হয়, আসন্ন ১২৭তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য জাতীয় অনুষ্ঠানমালা আয়োজনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সকল দপ্তর সম্মিলিতভাবে এ লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতির সিংহভাগ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সমাপ্ত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ও চেতনার ধারক। এবারের জন্মজয়ন্তীকে ভিন্নমাত্রা দিতে এবং নান্দনিকভাবে উপস্থাপনের জন্য জাতীয় পর্যায়ে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দল-মত নির্বিশেষে এই জাতীয় উৎসবকে সফল করতে সংস্কৃতি মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুলের জন্মজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে। এর মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে। সবকিছু ঠিক থাকলে এবারের উৎসব হবে ত্রিশালের ইতিহাসের সবচেয়ে জমকালো ও উৎসবমুখর আয়োজন।’
বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি বলেন, ‘এত বৃহৎ পরিসরে নজরুল জয়ন্তী আয়োজনের খবরে পুরো বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে। এই মঞ্চের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যকেও বিশ্বদরবারে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।’
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান জানান, ‘পাঁচ দিনব্যাপী এই মহোৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রতিদিন ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বর্ণাঢ্য শোভাযাত্রা, ঐতিহ্যবাহী নজরুল মেলা, স্মারক আলোচনা এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই আয়োজনের মূল আকর্ষণ।’
উক্ত প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।


July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031