• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দালালমুক্ত ও সেবামুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৫, ২০২৬
দালালমুক্ত ও সেবামুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

রাজীব দে ঢাকা:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার পবিত্র রমজান উপলক্ষ্যে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আলোচনার কেন্দ্রে ছিল দেশের স্বাস্থ্যখাতের মানোন্নয়ন এবং রোগীদের ভোগান্তি লাঘবে সরকারি দৃঢ় অঙ্গীকার। ইফতার মাহফিলে উপস্থিত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো: সাখাওয়াত হোসেন ঘোষণা দিয়েছেন, দেশের সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মো: সাখাওয়াত হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, “সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনের সময় আমি কিছু ভালো দিকের পাশাপাশি কিছু কাঠামোগত ত্রুটিও লক্ষ্য করেছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই অনিয়ম বা দুর্বলতাগুলো কর্মকর্তাদের ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাগুলো দূর করে সেবার মান বাড়াতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।”

দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে কঠোর হুশিয়ারি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা মানুষের সেবার জন্য নিয়োজিত। হাসপাতালের পরিবেশ কোনোভাবেই দালালদের কবলে থাকতে পারে না। পবিত্র এই প্রতিষ্ঠানটিকে দালালের আশ্রয়স্থলে পরিণত হতে দেওয়া হবে না।”

মন্ত্রী তার বক্তব্যে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাচ্ছে। আমাদের সম্পদ সীমিত হতে পারে, কিন্তু সেই সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কীভাবে সেবার মান বাড়ানো যায়, তা নিয়ে আমরা কাজ করছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি প্রধানমন্ত্রীর সাথেও আলোচনা করব।”

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মোঃ আজিম।উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শিপন মিয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও সংহতির বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার উত্তোরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930