• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্বাস্থ্য খাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২, ২০২৬
স্বাস্থ্য খাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

রাজীব দে ঢাকা:

বাংলাদেশের স্বাস্থ্য খাতে চলমান চীনের সহযোগিতার প্রশংসা করে তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ করে দেশের স্বাস্থ্য খাতে আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসকদের আবাসন ব্যবস্থার উন্নয়নে চীনের সহায়তা চেয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মন্ত্রী এই আহ্বান জানান।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে এক হাজার বেডের হাসপাতাল নির্মাণে চীন তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আমরা আশাবাদী। এছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ বাড়ানো এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের আবাসন সমস্যা সমাধানে চীনের কার্যকর সহযোগিতা প্রয়োজন।”

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব (রুটিন দায়িত্ব) খোরশেদ আলম এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রস্তাবিত এক হাজার বেডের হাসপাতাল নির্মাণে চীন সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। হাসপাতালটি সাধারণ হোক বা বিশেষায়িত—যে কোনো ক্ষেত্রেই তারা সহায়তা প্রদানে পিছিয়ে থাকবে না।

তিনি আরও উল্লেখ করেন, অতীতেও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। রাষ্ট্রদূত বলেন, “মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসহ বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানো হয়েছে। এছাড়া রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে ৮২টি অত্যাধুনিক যন্ত্রপাতি প্রদান করা হয়েছে এবং বাংলাদেশি মেডিকেল স্টাফদের চীনে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।” চিকিৎসকদের আবাসনের বিষয়েও তিনি ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত প্রস্তাবিত এক হাজার বেডের হাসপাতালটি উত্তরবঙ্গে স্থাপনের যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, “দেশের উত্তরাঞ্চল তুলনামূলকভাবে পিছিয়ে আছে এবং অনেক ক্ষেত্রেই অবহেলিত। তাই এই হাসপাতালটি উত্তরবঙ্গে স্থাপন করা হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।”

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930