• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আগামী সংসদে দ্রুত সংস্কার পরিষদ গঠন ও ইনডেমনিটি আশা করছি: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
আগামী সংসদে দ্রুত সংস্কার পরিষদ গঠন ও ইনডেমনিটি আশা করছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে এবং ফ্যাসিবাদ বিলোপের লক্ষ্যে আগামী সংসদে দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ গঠন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সব আইন ও অধ্যাদেশকে সংসদ কর্তৃক অনুমোদন (ইনডেমনিটি) প্রদানের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
আজ শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আবাহনী মাঠে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদ বিলোপ করে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করার যে লড়াই, জুলাই সনদ বাস্তবায়নসহ গণভোটের গণরায় বাস্তবায়নের লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিস্ট, গণহত্যাকারী এবং গুমকারীদের বিচারের দাবিতে আমরা এখন সরব রয়েছি। আমাদের আজকের স্লোগান—বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি বিপ্লবের শক্তি থেকেই বিকল্প তৈরি হয়েছে, যে বিকল্প বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চায়। এনসিপির পথচলা এক বছরের হলেও এর পেছনে বড় প্রেক্ষাপট রয়েছে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা আশা করছি সামনে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। সারাদেশের এনসিপি নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান—আপনারা এই নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।”

গত নির্বাচনে ছয়টি আসনে বিজয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা এই ফলাফলে সন্তুষ্ট নই। সামনের দিনগুলোতে আমাদের অর্জনের পরিধি আরও বৃদ্ধি করতে হবে।”
ইফতার মাহফিলে দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
:

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031