র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চাঞ্চল্যকর এক হত্যা মামলার দীর্ঘ ১৯ বছর ৭ মাস ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গত ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ২০:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি চৌকস দল ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন বাংলাদেশ হোমিও হল সংলগ্ন এলাকা থেকে আসামি মোঃ মোরশেদ (৪৪)-কে গ্রেফতার করে। আসামি কুমিল্লার মুরাদনগর থানার কামাল্লা গ্রামের বালু মিয়ার ছেলে।
গত ২১/১০/১৯৯৯ তারিখে কুমিল্লা জেলার মুরাদনগর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৫) রুজু হয়। উক্ত মামলার প্রেক্ষিতে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত, কুমিল্লা গত ০৬ জুলাই ২০০৬ তারিখে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা মোতাবেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মামলা রুজু হওয়ার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশ ধারণ করে এবং নিজের নাম ও পরিচয় গোপন করে দীর্ঘ ১৯ বছর ৭ মাস ধরে পালিয়ে ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।