• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬
স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি

স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হলেও জাতীয় পর্যায়ে কোনো সমন্বিত পরিকল্পনা প্রণীত না হওয়ায় দেশে এখনও একটিও পরিকল্পিত শহর গড়ে ওঠেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদরা। আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত ‘রাজনৈতিক চর্চায় পরিকল্পিত নগরায়ন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বিআইপি-র সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের সহ-সভাপতি পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মুঃ মোসলেহ উদ্দীন হাসান।
পরিকল্পনাবিদদের মূল পর্যবেক্ষণ ও দাবি:
সভাপতির বক্তব্যে ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “১৯৯২ সাল থেকে ঢাকা ও চট্টগ্রামের মহাপরিকল্পনা তৈরি হলেও বাস্তবায়নের অভাবে জনগণ কোনো সুফল পায়নি। উন্নয়ন কর্তৃপক্ষগুলো এখনো আমলা নির্ভর। কারিগরি দক্ষতার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতায় পরিকল্পনাগুলো আলোর মুখ দেখে না।” তিনি আরও উল্লেখ করেন যে, জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে পরিকল্পনাবিদদের নেতৃত্ব প্রদান এখন সময়ের দাবি।

সমগ্র দেশের জন্য একটি ‘জাতীয় স্থানিক পরিকল্পনা’ ও আইন প্রণয়ন করতে হবে।জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পরিকল্পনার সমন্বয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন ‘নগর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ’ গঠন করতে হবে।
স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে উন্নয়নের প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক অঙ্গীকার: রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে বর্ণিত পরিকল্পনাগুলোকে জাতীয় স্থানিক পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করতে হবে।

গোলটেবিল বৈঠকে বিএনপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মাহদী আমিন (বিএনপি), জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন), সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (জামায়াতে ইসলামী) ডা: তাসনিম জারা সংসদ সদস্য পদপ্রার্থী স্বতন্ত্র ঢাকা-৯ আসন প্রমুখ।

রাজনৈতিক নেতৃবৃন্দ পরিকল্পনাবিদদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামী দিনে সরকার পরিচালনায় পরিকল্পনাবিদদের গঠনমূলক পরামর্শ ও অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031