• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রপ্তানির উন্নয়নে ভূমিকা রাখছে ইপিবি -বাণিজ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২, ২০২৪
রপ্তানির উন্নয়নে ভূমিকা রাখছে ইপিবি -বাণিজ্য প্রতিমন্ত্রী

‘রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) দায়িত্বশীল ভূমিকায় দেশের রপ্তানি বাণিজ্যের উন্নতি হচ্ছে। দেশের ৬৩ বিলিয়ন ডলারের রপ্তানি একটা সময় অবিশ্বাস্য ছিলো। সরকারের লক্ষ্য পরের ৩ অর্থবছরে রপ্তানি ১১০ বিলিয়ন ডলারে উন্নীত করা। সেলক্ষ্য পূরণে পরিবর্তন ও সহযোগিতা লাগবে। রপ্তানির সংখ্যার তুলনায় কিভাবে স্থানীয় রিসোর্স ব্যবহার করা যায়, কত বেশি কর্মসংস্থান করা যায় সেদিকে লক্ষ্য দিতে হবে।’

মঙ্গলবার (২জুলাই) দুপুরে রাজধানীর টিসিবি ভবনস্থ রপ্তানি উন্নয়ন ব্যুরোর কনফারেন্স রুমে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালনা পর্ষদের ১৪৬তম সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এমপি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আরও বলেছেন, ‘ আগামীতে পণ্যের সেক্টর করে আলাদা করে মেলা করতে হবে। মেলায় দেশি-বিদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়াতে হবে, এতে করে মেলার উদ্দেশ্য পূরণ হবে। আগামী সেপ্টেম্বরে পূজার সময়ে কলকাতায় দেশীয় শাড়ীর মেলা করা হবে। ‘

এসময় পর্ষদের সদস্য হিসেবে হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ,এমপি, এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম, ডিসিসিআই এর সভাপতি আশরাফ আহমেদ, এমসিসিআই এর সভাপতি কামরান টি রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।