• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

২০২৬ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪০তম ফোবানা সম্মেলন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬
২০২৬ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪০তম ফোবানা সম্মেলন

২০২৬ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪০তম ফোবানা সম্মেলন: জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ঘোষণা

উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) তাদের ৪০তম কেন্দ্রীয় সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেছে। আজ (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমদ চৌধুরী হলে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার, শনিবার ও রবিবার) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে এই জাঁকজমকপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া (BAC)।

ভেন্যু: সম্মেলনটি লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত বিলাসবহুল এবং বিশ্ববিখ্যাত স্থান হিলটন লস অ্যাঞ্জেলেস/ইউনিভার্সাল সিটি (Hilton Los Angeles / Universal City) হোটেলে অনুষ্ঠিত হবে। (ঠিকানা: 555 Universal Hollywood Drive, Los Angeles, CA 91608)।

সম্মেলনের লক্ষ্য ও কর্মসূচী: “উত্তরসূরের পথে আগামীর প্রত্যয়ে প্রবাসী বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে এবারের মাইলফলক সম্মেলন। তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রবাসী ও দেশীয় সংস্কৃতির মেলবন্ধনে নানা বৈচিত্র্যময় কর্মসূচি রাখা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য:

বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় জাতীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

সামাজিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সারগর্ভ সেমিনার।

নারী ক্ষমতায়ন এবং যুব উন্নয়ন ও নেতৃত্ব গঠন বিষয়ক বিশেষ অধিবেশন।

মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদান।

ফ্যাশন শো, লাইফস্টাইল প্রদর্শনী, ফোবানা বইমেলা ও সাহিত্য আসর।

প্রবাসী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য বিশেষ বিজনেস নেটওয়ার্কিং সেশন।

বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং চারু ও কারুশিল্প প্রদর্শনী।

সম্মেলন প্রস্তুতি কমিটি: সম্মেলনটি সফলভাবে সম্পন্ন করতে ফোবানা কেন্দ্রীয় কমিটি এবং স্থানীয় আয়োজক কমিটির সমন্বয়ে একটি শক্তিশালী নেতৃত্ব গঠন করা হয়েছে। কমিটির দায়িত্বে রয়েছেন: আহ্বায়ক (Convener): ড. জয়নুল আবেদিন।সদস্য সচিব (Member Secretary): ইঞ্জিনিয়ার এম. পল ইকবাল (Engr. M. Paul Iqbal)।আয়োজক সভাপতি (Host President – Fobana LA): মোয়াজ্জেম এইচ চৌধুরী।চেয়ারপারসন (ফোবানা কেন্দ্রীয় কমিটি): রবিউল করিম বেলাল।নির্বাহী সচিব (Executive Secretary): খালেদ রউফ।

এছাড়াও উপদেষ্টা জি. এফ. ভূঁইয়া (নিউ জার্সি), সাবেক চেয়ারম্যান রেহান রেজা, সাবেক আহ্বায়ক শাহিদুল খান সাহেল (জর্জিয়া), সাবেক আহ্বায়ক মাজহারুল আলী (শিকাগো) এবং বোর্ড মেম্বার কাজী নাহিদসহ ফোবানার কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ এই সম্মেলনে সক্রিয় ভূমিকা পালন করছেন।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক ড. জয়নুল আবেদিন এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার এম. পল ইকবাল উত্তর আমেরিকার সকল প্রবাসী বাংলাদেশিকে এই সম্মেলনে যোগ দিয়ে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার জন্য সাদর আমন্ত্রণ জানান।

সম্মেলন সংক্রান্ত যেকোনো তথ্য, স্পনসরশিপ বা নিবন্ধনের জন্য ভিজিট করুন: www.fobanaonline.com