• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় শুক্রবার দেশব্যাপী শোকরানা দোয়া আয়োজনের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬


জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় শুক্রবার দেশব্যাপী শোকরানা দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে- আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে। এরূপ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে দেশব্যাপী সকল মসজিদে শোকরানা দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে আগামীকাল শুক্রবার বাদ জুম’আ দেশের প্রতিটি মসজিদে  শোকরানা দোয়া এবং  সুবিধামতো সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় স্ব স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য অনুরোধ করা হলো।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।