বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শিল্পী সমাজে ‘বিভাজন সৃষ্টির জন্য’ বিগত ফ্যাসিস্ট সরকারকে দায়ী।
তিনি বলেন, শিল্পী সমাজ যারা সমাজের প্রতিনিধি, যারা সমাজকে সত্য ও সুন্দর স্বীকার যারা মানুষের এই মানুষের মাটি ও মায়ের গান নিয়ে জনগণের জীবনযাত্রা নিয়ে মানুষের জীবনকে আলোকিত করে সেই শিল্পী সমাজ থাকবে সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনকভাবে হলেও সত্যি আমাদের শিল্পী সমাজের মধ্যে বিভাজন হয়ে গেছে। কেন এই বিভাজন?
তিনি আরো বলেন, আমি শুধু বলতে চাই, যারা আজকে মায়াকান্না করছেন, কান্নাকাটি করছেন তাদেরকে বলছি যে, আপনারা কি সেদিন জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে তৎকালীন স্বৈরাচার সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে নিজেরা সুখ উপলব্ধি করেছেন এবং নিজেদের সম্পদ গড়ে তুলেছেন। কারণ আপনারা তো মানুষকে বিশ্বাস করেন না। আপনারা কিসের শিল্পী? আপনারা নিজের সম্পদ গড়ার জন্য কাজ করেছেন কিন্তু সমাজের যে সত্য কথা, সমাজের যে সুন্দর প্রতিচ্ছবি সমাজের যে গণতন্ত্রের অভিযাত্রা কোনটাই আপনারা রাখেন নাই।
মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫, দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি কথা বলছিলেন।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সেলিমা রহমান বলেন, একটা কথা বলতে চাই, আপনারা সজাগ হন, আপনারা শিল্পী মানুষ, শিল্প-চর্চা করেন বিভিন্ন ক্ষেত্রে, আপনাদের চর্চার মধ্য দিয়ে এ দেশের মানুষের সাধারণ জীবন, এ দেশের মানুষের চিত্র, এ দেশের মানুষের ছবি এবং এ দেশের মানুষের কথা বলার অধিকার সেই অধিকার যেন ফিরে আসেন।
তিনি বলেন, এই প্রতিবাদী শিল্পী সমাজ যারা আজকে এখানে দাঁড়িয়েছে তাদেরকে বলতে চাই, আপনারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন, সেই সোচ্চার হবেন জনগণের জন্য, জনগণের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য।