• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাঙামাটির বাঘাইছড়িতে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৫
রাঙামাটির বাঘাইছড়িতে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যুর অভিযোগ

বিজয় ধর, রাঙামাটি

রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম উপজেলা বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা (১ মাস) নামের এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পরিবার ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার না থাকায় সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। চিকিৎসকরা বিকল্প উপায়ে শিশুটির হার্ট সচল রাখার চেষ্টা করলেও ব্যর্থ হন।

শিশুটির বাবা রিটন চাকমা বলেন, “যদি হাসপাতালে অক্সিজেন থাকত, হয়তো আমার মেয়ে এখনো বেঁচে থাকত।”

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, “পরিবারের অভিযোগ সত্য হলে এটা অত্যন্ত দুঃখজনক। অক্সিজেন থাকলে হয়তো শিশুটি বাঁচতে পারত। তিনি বলেন, হাসপাতালে মাত্র একটি অ্যাম্বুলেন্স, সেটিও নষ্ট। যেখানে ১৬ জন ডাক্তার থাকার কথা, সেখানে আছেন মাত্র ৪ জন, আজ তো আছেন মাত্র একজন।

রাঙামাটি সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা জানান, “শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং হার্ট সচল করার চেষ্টার পরও বাঁচানো সম্ভব হয়নি। অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে কিনা, তা নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।”