বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেছেন। দায়িত্ব গ্রহণের পরদিন রাতেই তিনি মোহাম্মদপুর থানা ও আশপাশের জনবহুল এলাকায় আকস্মিক এই পরিদর্শনে বের হন।
মোহাম্মদপুর এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং জনমনে স্বস্তি ফেরানোর লক্ষ্যে আইজিপি নিজে উপস্থিত থেকে এই তদারকি কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শনকালে তিনি জেনেভা ক্যাম্প, মোহাম্মদপুর টাউন হল এবং তিন রাস্তার মোড়সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে মোহাম্মদপুর থানায় সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘‘নগরবাসীর নিরাপত্তায় আমি নিজেই রাস্তায় নেমে এসেছি। কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের অপতৎপরতায় সাধারণ মানুষ যে ভীতির মধ্যে আছেন, তা নিরসনে আমরা কাজ করছি। অপরাধী যে-ই হোক, তাদের কঠোরহস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’’
আইজিপি আরও উল্লেখ করেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ ব্যাহত হয়। তাই নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাতে নিয়মিত টহল অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘‘আমি রাস্তায় থাকলে সহকর্মীরাও আরও সক্রিয় থাকবে। সাধারণ মানুষ পুলিশের পাশে রয়েছে এবং পুলিশকে প্রকৃত অর্থে জনসেবক হিসেবে কাজ করতে হবে।’’
তিনি জানান, কিশোর গ্যাং ও মাদক-সংশ্লিষ্টদের দমনে বিশেষ ব্লক রেইড কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ‘হোয়াইট-কলার’ অপরাধীদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।