ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় রাজধানীর ‘রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল’-এ আয়োজিত এই অনুষ্ঠানে তাঁরা ভারতের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
ভারতীয় হাইকমিশনার মান্যবর মি. প্রণয় ভার্মা ও মিসেস মানু ভার্মার আমন্ত্রণে এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। প্রতিনিধি দলের অন্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানান হাইকমিশনার মি. প্রণয় ভার্মা। এ সময় মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণের প্রতি বিশেষ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। তিনি প্রতিবেশী দেশটির জনগণের সুখ, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।
হাইকমিশন আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি কূটনীতিক, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জামায়াত নেতৃবৃন্দ সেখানে উপস্থিত দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সৌজন্য ও মতবিনিময় করেন।